বিএনপি সবাইকে সন্দেহের চোখে দেখে বলে নিজেরাই সন্দিহান —তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতৃবৃন্দ সবাইকে সন্দেহের চোখে দেখার অর্থ তারা নিজেদেরকে নিয়েই সন্দিহান। নিজেদের প্রতি আস্থা নেই বলেই সবাইকে সন্দেহ করছেন তারা।’ গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে মনজুরুল আহসান বুলবুল, শাহজাহান মিঞা, আব্দুল জলিল ভূঁইয়া, আব্দুল আজিজ, মোজাম্মেল হক বাবু, কুদ্দুস আফ্রাদ, কাজী রফিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, মঞ্জুরুল হক, প্রণব সাহা প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী এসময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সক্রিয় অবদানের জন্য গণমাধ্যমকর্মীদের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব ও গণমাধ্যম বিকাশের সরকার। সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করতে গিয়ে মন্ত্রী অচিরেই পশ্চিমবঙ্গে বাংলাদেশ টেলিভিশন দেখা যাবে বলে জানান।

তথ্যমন্ত্রী সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অপর এক সভায় প্রণীতব্য বাংলাদেশ টেলিভিশন পুরস্কার নীতিমালাকে জাতীয় পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তথ্যসচিব আবদুল মালেকের পরিচালনায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও আতাউর রহমান, বিশিষ্ট সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, টেলিভিশন ব্যক্তিত্ব ম. হামিদ, সংগীত শিল্পী রফিকুল আলম, সংগীত পরিচালক শেখ সাদী খান, সংগীত পরিচালক সুজেয় শ্যাম, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি তারিক সুজাত, নৃত্যশিল্পী মিনু হক, ডিবিসি নিউজ টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, নাট্যশিল্পী তানভিন সুইটি, রোকেয়া প্রাচী ও তারিন জাহান সভায় অংশ  নেন।