তৃণমূল এমপিদের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা মোদির

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:৪৯

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দুই এমপির মন্তব্য ও কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার বিজেপি এমপিদের নিয়ে বৈঠক করেন মোদি। ঐ বৈঠকে তিনি তৃণমূল এমপি ডেরেক ও ব্রায়েনের ‘পাপড়ি চাট’ মন্তব্যের তীব্র সমালোচনা করেন। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

মোদি বলেন, সংসদে বিল পাশ নিয়ে ডেরেকের মতো একজন বর্ষীয়ান এমপি যে মন্তব্য করেছেন তা নিম্নমানের। এই মন্তব্য করে তিনি সংসদ, সংবিধান, গণতন্ত্র ও দেশবাসীকেই অপমানিত করেছেন। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ও রাজ্যসভার ডেপুটি স্পিকার মুক্তার আব্বাস নকভিও ডেরেকের মন্তব্যের সমালোচনা করেন। জোশী বলেন, আমরা সব বিল নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তৃণমূলের এক এমপি সংসদকে অপমান করেছেন। তার উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া। বৈঠকে তৃণমূলের আর এক রাজ্যসভার এমপি শান্তনু সেনের প্রসঙ্গও তুলে আনেন মোদি। রাজ্যসভায় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে পেগাসাস বিষয়ে বিবৃতি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন শান্তনু। এই বিষয়ে মোদি বলেন, সংসদের দুই কক্ষেই বিরোধীরা যা করছেন তাতে সংসদকে অপমান করা হচ্ছে। যিনি কাগজ ছিনিয়ে ছিঁড়ে ফেলেছিলেন তিনি নিজের কাজের জন্য অনুশোচনাও প্রকাশ করেননি।

প্রসঙ্গত, গত সোমবার এক টুইট করে ডেরেক প্রশ্ন করেন, সংসদে আইন পাশ হচ্ছে, না পাপড়ি চাট বানানো হচ্ছে! গত ১৯ জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে। ডেরেকের দাবি, অধিবেশন শুরুর প্রথম ১০ দিনেই ১২টি বিল পাশ করিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। প্রত্যেক বিলে গড়ে সাত মিনিট সময় খরচ করেছেন তারা। সংসদে পাশ হওয়া আইনের একটি তালিকাও তুলে ধরেছেন ডেরেক। তাতে দেখা গিয়েছে, মাত্র ১ মিনিটের মধ্যে নারকেল চাষ সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সর্বোচ্চ ১৪ মিনিট সময় খরচ হয়েছে বিমানবন্দর অর্থ নিয়ন্ত্রণ বিলের পিছনে। এই মন্তব্যেরই জবাব দিয়েছেন মোদি।

এদিকে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিরোধী রাজনীতিকদের ওপর নজরদারি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও নতুন কৃষি আইন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে গতকাল মঙ্গলবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ডাকে বৈঠক করেন ১৫টি বিরোধী দলের এমপিরা। সেখানে ছিলেন তৃণমূল এমপিরাও। বৈঠকে পেগাসাস, মূল্যবৃদ্ধি, তিন কৃষি আইন বাতিলের দাবিতে সংসদে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলো। রাহুল গান্ধী বলেন, বিরোধীদের এক হয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা অনেক পরিকল্পনা করেছি। তার বাস্তবায়নও হবে। বৈঠক শেষে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ পর্যন্ত সাইকেল র্যালিও করেন বিরোধীরা। কিছু দিন আগেই রাহুল ট্র্যাক্টর চালিয়ে সংসদে গিয়েছিলেন।

প্রসঙ্গত, ভারতে কেন্দ্রীয় মন্ত্রী থেকে একাধিক সমাজকর্মীর মোবাইল ফোন হয় এই স্পাইওয়্যারের মাধ্যমে হ্যাক করা হয়েছে কিংবা নজরদারির সম্ভাব্য তালিকায় ছিল। এই প্রেক্ষাপটে হ্যাকিংয়ের অভিযোগ তুলে এবং আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সেই মামলাগুলোই একত্রে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। পেগাসাস-কাণ্ডে তদন্তের মোদি সরকারের অস্বস্তি বাড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। বিরোধীদের দাবি মেনে সংসদে আলোচনার দাবি করেছেন বিজেপির শরিক দলের এই নেতা।