অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যার পর পরিচ্ছন্নতা কাজ শুরু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৬

কুইন্সল্যান্ডে বিদ্যুিবহীন হাজার হাজার মানুষ

এএফপি

অস্ট্রেলিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যার পর উপদ্রুত উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারা বুধবার ঘরে ফিরতে শুরু করেছে। প্রায় দুই সপ্তাহব্যাপী টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যার পানি নামতে শুরু করেছে। স্থানীয়রা এখন বন্যা পরবর্তী পরিচ্ছন্নতা ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ করছে। এ দিকে দেশটির দক্ষিণাঞ্চলে আবহাওয়া বিরূপ হতে শুরু করেছে। সেখানকার শহরগুলোতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুইন্সল্যান্ড রাজ্যের হাজার হাজার মানুষ এখনো বিদ্যুিবহীন অবস্থায় দিন কাটাচ্ছে। অনেক এলাকায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে আশার কথা, বৃষ্টিপাত কমে এসেছে। আবহাওয়া ব্যুরো জানিয়েছে, যেসব এলাকায় প্রতিদিন ১১ দশমিক ৮ ইঞ্চির বেশি বৃষ্টি হচ্ছিল, সে সব এলাকায় তা কমে এসেছে। আবহাওয়া ব্যুরোর আবহাওয়াবিদ ভিনোর্ড আনান্ড বলেন, ‘এটি সম্ভবত স্মরণকালের ভয়াবহ বৃষ্টিপাত।’ তিনি বলেন, ‘আমরা এখনো যে পরিমাণ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, তা আমাদের মানদণ্ডে বৈরী আবহাওয়ার মধ্যেই পড়ে। তবে গত পাঁচ থেকে ১০ দিন ধরে যতটা ভারী বৃষ্টিপাত হচ্ছিল, এখন ততটা হচ্ছে না।’ প্রতিদিন মোট ২৫০ মিলিমিটারের কম বৃষ্টিপাত হচ্ছে। মৌসুমি বায়ু সমুদ্র তীর হতে ধীর গতিতে দূরে সরে যাচ্ছে। তাই বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টিপাত সামান্য হ্রাস পেতে পারে। অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় উত্তরাঞ্চলে সাধারণত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি হয়। তবে সম্প্রতি মাত্র এক সপ্তাহে এক বছরের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট নদীতে পরিণত হয়। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ একটি প্রধান বাঁধের ফ্লাডগেট খুলে দিতে বাধ্য হয়।