কোস্টারিকার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৬

বিবিসি

নোবেল বিজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস স্যানচেজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। একজন মনোবিজ্ঞানী ও পরমাণু অস্ত্র বিরোধী আন্দোলনকর্মী অভিযোগ করেছেন, ২০১৪ সালে সানচেজ তাকে যৌন নিপীড়ন করেছেন। তবে আরিয়াস এই অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনার জন্য বেশ কয়েকবার অস্কারের সঙ্গে অভিযোগকারী নারীর সাক্ষাত্ হয়েছিল। এক বৈঠকে আরিয়াস তাকে পেছন থেকে জাপটে ধরে হয়রানি করেন। চলতি সপ্তাহে এই বিষয়ে অভিযোগও দায়ের করেছেন তিনি। অভিযোগকারী নারী বলেন, ‘২০১৪ সালে এই ঘটনা ঘটেছিল। আমি ভয়ে ছিলাম যে, বিষয়টা নিয়ে কথা বললে তিনি আর আমাদের সহায়তা করবেন না। আমি বুঝতে পারছিলাম না, কী করব। মনে হচ্ছিল আমি কোনো ফাঁদে পড়েছি।’

যৌন নিপীড়নের এই অভিযোগে কোস্টারিকার সবচেয়ে জনপ্রিয় একজন নেতার জীবনের কালো অধ্যায় সামনে চলে আসলো। মধ্য আমেরিকার  রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসানের কৃতিত্বস্বরূপ ১৯৮৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান আরিয়াস। আরিয়াস ১৯৮৬ থেকে ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত দুই মেয়াদে কোস্টারিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।