শোক দিবসের বিশেষ নাটকে

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৩৩

 

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণের এই দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরইমধ্যে দেশের বিভিন্ন চ্যানেলেগুলো নাটক নির্মাণের কাজও শুরু করেছে। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাংলাদেশ বেতারও। বাংলাদেশ বেতারে এরইমধ্যে শোক দিবসের বিশেষ নাটক ‘আছো তুমি অন্তরে’ নাটকের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। নাটকটি রচনা করেছেন মোস্তফা মোহাম্মদ আব্দুর রব। নাটকটি পরিচালনা করছেন মনোজ সেনগুপ্ত। এরইমধ্যে সুইটি ১ আগস্ট অর্থাত্ শোকের মাসের প্রথম দিনে নাটকটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন। এই সময় আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী তরু মোস্তফা, আরমান পারভেজ মুরাদসহ আরো অনেকে। বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি বাংলাদেশ বেতারও এখন বিশেষ বিশেষ দিবসগুলোতে নাটক নির্মাণের প্রতি বিশেষ দৃষ্টি রাখছে। শোক দিবসের জন্য রেকর্ডিং সম্পন্ন হওয়া নাটক ‘আছো তুমি অন্তরে’ নাটকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বেশ উচ্ছ্বসিত তানভীন সুইটি। এদিকে সারাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অন্য অনেকের মতোই সুইটি বেশি শঙ্কিত। গত রবিবার তিনি জরুরি কাজে বাসার বাইরে বের হয়েছিলেন। বাসার বাইরে বের হওয়ার পর সুইটি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,  ‘জরুরি কাজেই বাসা থেকে বাইরে বের হয়েছিলাম, বের হয়ে মনটা খুব খারাপ হয়ে গেলো। কারণ প্রচুর অ্যাম্বুলেন্স আর লাশবাহী গাড়ি রাস্তায়। তাই আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করছি, আপনি নিজে মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন। পরিবার সুস্থ থাকলেই আপনিও সুস্থ থাকবেন। সুস্থ থাকবে দেশ। দেশ, জাতি ও মানুষকে  নিরাপদে রাখতে সবাই মাস্ক ব্যবহার করুন।’ এদিকে গত ঈদে এনটিভিতে প্রচারিত হয়েছে সুইটি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাথী’। এটি নির্মাণ করেছিলেন ময়ূখ বারী। এতে নাম ভূমিকায় অভিনয় করে সুইটি বেশ প্রশংসিত হয়েছিলেন। গত ঈদে সুইটি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বড় ভাবী’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন খায়রুল বাসার। এছাড়াও এরইমধ্যে তিনি তারিক আনাম খান ও নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ টু’ ধারাবাহিক নাটকের কাজও শুরু করেছেন। এটি শিগগিরই বাংলাভিশনে প্রচার হবে।

 

ছবি :গোলাম সাব্বির