সমাবর্তন ঘিরে ইস্ট ডেল্টায় কোটি টাকা আয়ের ফাঁদ!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪

চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের প্রথম সমাবর্তনকে ঘিরে কোটি টাকা আয়ের ফাঁদ পেতেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রতিষ্ঠানটি পাঁচটি ধাপে সর্বোচ্চ সমাবর্তন ফি নিচ্ছে বলে জানা গেছে। এর প্রতিবাদ করায় তিন শতাধিক শিক্ষার্থীকে সমাবর্তনে অংশ নিতে দেওয়া হচ্ছে না।

২০০৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনের দিন এখনো নির্দিষ্ট হয়নি। তবে ১৬০০ শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণের যোগ্য বলে জানা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, সমাবর্তনের নামে কৌশলে কোটি টাকা আয়ের ফাঁদ পেতেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পোস্ট করা এক নোটিশ সূত্রে জানা গেছে, সমাবর্তনের ফি’কে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ১২ হাজার টাকা ফি। এরা গাউন, হ্যাট পাবেন। মিউজিক্যাল গালা এবং ডিনারেও অংশ নিতে পারবেন। ‘বি’ ক্যাটাগরিতে গাউন ও হ্যাট ফিরিয়ে দিতে হবে। এদের গুণতে হবে ১১ হাজার টাকা। ‘সি’ ক্যাটাগরিতে গাউন, হ্যাট, সার্টিফিকেট পেলেও মিউজিক্যাল গালা ও ডিনারে অংশ নিতে পারবে না। এ জন্য ফি সাড়ে ১০ হাজার টাকা। ‘ডি’ ক্যাটাগরিতে গাউন, হ্যাট কিছুই দেওয়া হবে না মিউজিক্যাল গালা ও ডিনারেও অংশ নেওয়া যাবে না। সমাবর্তনে এসে শুধু সার্টিফিকেট নেওয়া যাবে-এ জন্য ফি সাড়ে ৯ হাজার টাকা। ‘ই’ ক্যাটাগরিতে সমাবর্তনের পর শুধু সার্টিফিকেট নেওয়া যাবে। এ জন্য গুণতে হবে পাঁচ হাজার টাকা। তবে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন মাত্র চারশ’র মতো।

এ বিষয়ে জানতে সমাবর্তন কমিটির আহ্বায়ক ও ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহাকে ফোন করলে কুশল বিনিময় করেন। কিন্তু যখনই সমাবর্তনের প্রসঙ্গ নিয়ে আলাপের কথা জানানো হয়, তখন তিনি বলেন, আমি ঢাকায় এসেছি। একটা মিটিংয়ে আছি। আমাকে রাতে ফোন করেন। রেজিস্ট্রার সজল বড়ুয়াও মিটিংয়ে আছেন জানিয়ে ফোন রেখে দেন। ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান ফোন রিসিভ করেননি। একাধিক শিক্ষার্থী জানান, আমি সমাবর্তনে যাবো, আমার বন্ধু যাবে না, আমি ডিনার করব, আমার বন্ধু ডিনারে থাকবে না- এমন সমাবর্তন আমরা চাই না। এসব নিয়ে প্রতিবাদ করায় আমাদের রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না। এদিকে সমাবর্তনের রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের একটি অংশ চট্টগ্রামের এডিসি (সার্বিক) হাবিবুর রহমানের সঙ্গে দেখা করেছেন। এ বিষয়ে হাবিবুর রহমান গতকাল বলেন, আমি ভিসির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। সমাবর্তন কমিটির সঙ্গে কথা বলে আমাকে আপডেট দেয়ার কথা ছিল। তবে তিনি এখনো কিছু জানাননি।