চট্টগ্রামে বাসা থেকে ইয়াবা উদ্ধার ঘটনায় এসআই কারাগারে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৩

চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণের পর বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার জাহান গতকাল বুধবার এ আদেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছিলেন ওই পুলিশ কর্মকর্তা।

আদালতসূত্র জানায়, ২০১৮ সালের ৩০ জুলাই বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফ-এর বাকলিয়া হাফিজনগর এলাকার বাসা থেকে ১৪ হাজার ১০০ পিস ইয়াবা           উদ্ধার করে র্যাব। এছাড়া ওই বাসা থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৩১ হাজার ৬৩০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি ট্যাব ও পুলিশের কিছু ইউনিফর্ম উদ্ধার করার কথা জানায় র্যাব। বাসা থেকে নাজিম উদ্দিন মিল্লাত নামে সাইফুদ্দিনের এক সহযোগীকে আটক করা হয়। এ ঘটনায় সাইফুদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে চকবাজার জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।