চার দিনের সফরে নয়াদিল্লি গেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৩

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চারদিনের সফরে ভারতের নয়াদিল্লি গেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। মূলত বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শমূলক কমিশনের (জেসিসি) পঞ্চম বৈঠকে যোগ দিতে তিনি ভারত সফর করছেন। তবে সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের কাছে অধিকতর সমর্থন চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী মোমেনের এটাই প্রথম বিদেশ সফর। গতকাল বুধবার রাতে তিনি ভারতের নয়াদিল্লি পৌঁছান। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তিনি দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাত্ করবেন। এছাড়া আগামীকাল শুক্রবার জেসিসি বৈঠকের আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে একান্তে বৈঠক করবেন।

এবারের জেসিসি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়ে আলোচনা করা হবে। সূত্র জানায়, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা, কানেকটিভিটি (সংযোগ), সীমান্ত ব্যবস্থাপনা, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি ও বিদ্যুত্ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হবে। এছাড়া এবারের জেসিসি বৈঠকে আগের বৈঠকগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়েও গুরুত্ব আরোপ করা হতে পারে। তার সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে   বলে জানা গেছে।

জেসিসি বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রী। অন্যদিতে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সুষমা স্বরাজ। প্রসঙ্গত, সর্বশেষ জেসিসি বৈঠক ২০১৭ সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়। তখন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।