বিএনপির কালো ব্যাজ ধারণ করা উচিত :কাদের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের কারণে বিএনপির কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা উচিত। এত বড় একটি রাজনৈতিক দল ভোট কেন্দ্রে খুব কম এজেন্ট দিতে পেরেছে। যারা কেন্দ্র পাহারা দেবে বলে নির্বাচনের আগে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল, নির্বাচনের দিন তাদের ভোট কেন্দ্রে দেখা যায়নি। এটা তাদের ব্যর্থতা। গতকাল বুধবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়ে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। এখন তারা পথহারা পথিকের মতো অবস্থার মধ্যে রয়েছে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে উপজেলা নির্বাচনও সেভাবেই  শিডিউল অনুযায়ী হবে। বিএনপি এবং জাতীয় পার্টি (জাপা) উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না, এমন ঘোষণায় আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত করবে কিনা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উন্মুক্ত-ই যদি করব তাহলে এত আয়োজন করে মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ কেন? তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগ পর্যন্ত আপনারা বলতে পারেন না কে অংশ নেবে আর কে নেবে না। শেষ মুহূর্তেও অনেকে সিদ্ধান্ত বদল করতে পারে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসলে ইলেকশন ফোবিয়ায় ভুগছে। নির্বাচনে হারতে হারতে তারা এখন জয়ের আশা ছেড়েই দিয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তৃণমূলের দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্যে এসেছে কিনা একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখনই সেটা বলার সময় আসেনি। তবে দ্বন্দ্ব বলতে এটা বিদ্বেষপ্রসূত কোনো দ্বন্দ্ব নয়। খুব স্বাভাবিক কারণেই দলের ভেতরে সুস্থ একটা প্রতিযোগিতা হতেই পারে। ওবায়দুল কাদের বলেন, মনোনয়নের জন্য আবেদনপত্র খতিয়ে দেখব। এখানে কে কার ভাই বা বোন এসব কোনো প্রশ্ন নয়। জনগণের কাছে কার জনপ্রিয়তা কতটুকু, কে উইনেবল; কে ইলেকটেবল সেটা আমরা খতিয়ে দেখব।