শহিদ শেখ কামাল কোটি তরুণের প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিখা :কাদের

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:৪৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে শহিদ শেখ কামালের বহুমুখী সৃজনশীল প্রতিভার সৃষ্টি আজকে লক্ষ-কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিখা হিসেবে যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে। গতকাল বৃহস্পতিবার সকালে শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ’৭৫-এর ১৫ আগস্ট। শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু হত্যার যে কলঙ্ক জাতির কপালে কলঙ্কতিলক হিসেবে ছিল—সেই কলঙ্কের কালিমা বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আলোর পথে যাত্রা শুরু করছেন, সেই আলোর পথে অভিযাত্রী হয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব—আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম ও এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ কৃষক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী মত্স্যজীবী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহিদ শেখ কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবাহনী ক্লাবে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শহিদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদতবরণ করেন।