মেসিকে দলে টানতে আলোচনা চালাচ্ছে পিএসজি!

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৭:২৫

বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গতকাল বৃহস্পতিবার অফিসিয়ালি বিবৃতি দিয়ে সে কথা জানিয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে যে, বিশ্বসেরা এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোথায়? মন খারাপ থাকলেও ভক্ত-সমর্থকরা সেই প্রশ্নের উত্তর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে এখন পর্যন্ত সেটির কোনো জবাব মেলেনি।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসিকে দলে নেওয়ার তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে পিএসজি ও ম্যানচেষ্টার সিটি। এর বাহিরে চেলসি, ইন্টার মিলান, ইন্টার মায়ামি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের মতো ক্লাবের নামও ঘুরেফিরে সামনে আসছে। তবে সেগুলোতে মেসির যাওয়ার সম্ভাবনা খুবই কম।

No description available.

এই মুহূর্তে অসংখ্য ফুটবল ভক্তের চাওয়া মেসি-নেইমার আবারও একসঙ্গে খেলুক। এটা হয়তো তাদের দু'জনেরও চাওয়া। এমনকি বিভিন্ন সময় সে কথার ইঙ্গিতও দিয়েছেন দুই বন্ধু। তবে তারা চাইলেইতো আর হবে না। এক্ষেত্রে ক্লাবের আগ্রহ ও মেসির অধিক বেতন ও সুযোগ-সুবিধার বিষয়ও জড়িত রয়েছে। অবশ্য যারা ফুটবলের খোঁজখবর রাখেন তারা এটা জানেন যে, মেসিকে দলে নেওয়ার ব্যাপারে অনেক আগে থেকেই আগ্রহ রয়েছে পিএসজির। সে জন্য তারা চেষ্টা করেছে একাধিকবার। ব্যাটে-বলে না মেলায় সেটা আর হয়ে উঠেনি।

তবে এবার তাদের জোর সম্ভাবনা রয়েছে। যদি এমনটা হয়, তাহলে আবারও মেসি-নেইমার জাদুতে মোহিত হওয়ার সুযোগ পাবেন সমর্থকরা। জানা গেছে, গত ৩০ জুন বার্সেলোনা ও মেসির চুক্তি শেষ হয়ে যাওয়ার পরপরই আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল পিএসজি। কিন্তু, তখন ফরাসি ক্লাবটিকে হতাশ করে ফিরিয়ে দেন তিনি। মেসির আশা ছিল, বার্সেলোনার সঙ্গে তার চুক্তি নবায়ন হবে। শেষ পর্যন্ত সেটি আর হলো না। ফলে ফরাসি জয়ান্টরা তাকে দলে নেওয়ার জন্য আবারও চেষ্টা করতেই পারে।

 

Lionel Messi and PSG have begun negotiations over a potential move, according to @mohamedbouhafsi pic.twitter.com/KaVywV6kiF

— B/R Football (@brfootball) August 5, 2021

 

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত ও ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্ত ইতালিয়া জানিয়েছে, মেসি বার্সায় থাকছেন না এমন খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই আবারও তার মুখপাত্রদের সঙ্গে আলোচনায় বসে গেছে পিএসজি। যেকোনো মূল্যে তারা বিশ্বের সেরা খেলোয়াড়টিকে নিজেদের দলে চায়।

তবে এখানেও অনেক যদি, কিন্তু রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা, ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন, ইংলিশ সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, অর্থকড়ির কারণে শেষ পর্যন্ত পিএসজির পিছু হটারও সম্ভাবনা রয়েছে। একেতো করোনার কারণে আর্থিক ক্ষতি হয়েছে, তারওপর এরই মধ্যে আশরাফ হাকিমি, জর্জিনিও ভাইনালডম, সের্হিও রামোস ও জিয়ানলুইজি দোন্নারুম্মার মতো একাধিক খেলোয়াড়কে দলে টেনেছে ফরাসি জয়ান্টরা। ফলে অতিরিক্ত বেতন দিয়ে মেসিকে দলে আনা তাদের জন্য কষ্টসাধ্য হবে। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পের সঙ্গে এখনো চুক্তি নবায়ন হয়নি। সেটি নিয়েও বেশ ঝামেলায় আছে তারা।

No description available.

২০২২ সালের জুনে এমবাপ্পের চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও গত কয়েক মাস ধরে যাই-যাই করছেন তিনি। আকর্ষণীয় চুক্তি দিয়ে ফরাসি তারকাকে নিশ্চয়ই দলে রাখতে চাইবে পিএসজি। নয়তো বর্তমানে আশায় ভবিষ্যতকে যে হারাবে তারা। যদি মেসিকে আনা হয় তাহলে তাকে করহীন তিন কোটি ইউরো বেতন দিতে হবে। ফলে ক্লাবটিকে প্রতি মৌসুমে কর বাবদ আরও ৪ কোটি ইউরো খরচ করতে হবে।

অপরদিকে, ইংলিশ জয়ান্ট ম্যানচেস্টার সিটিতেও মেসির যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সেখানেও যদি, কিন্তু রয়েছে। কারণ, সদ্যই অ্যাস্টন ভিলা থেকে দশ কোটি পাউন্ডের বিনিময়ে ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে টেনেছে ক্লাবটি। দশ নম্বর জার্সিটিও তাকে দিয়েছে তারা। একইদিন মেসির বার্সা ছাড়ার খবরটি সামনে এলো। সূত্রমতে, ইংশিশ অধিনায়ক ও টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেইনকে দলে টানতে পারে ম্যানচেস্টার সিটি। তার পেছনেও একই পরিমাণ অর্থ খরচ করতে রাজি তারা।

No description available.

অবশ্য মেসির বার্সা ছাড়ার ঘোষণায় তারা যদি এই পরিকল্পনা বাতিল করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, তারা গত বছরই ফুটবল জাদুকরকে দলে টানার চেষ্টা করেছিল। তবে এখনো কিছুই নির্ধারিত হয়নি। দেখা যাক কী হয়!

ইত্তেফাক/টিএ