ধান কিনতে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর হাওড়ে মিলল বস্তাবন্দি মরদেহ

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৮:২৯

গৌরীপুর থেকে ধান কিনতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর হ্যান্ডট্রলী চালক আব্দুল মজিদের (৫০) বস্তাবন্দি লাশ হাওড় থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার একটি হাওড় থেকে মরদেহ উদ্ধার করে লিপসা পুলিশ ফাঁড়ির পুলিশ।

গত সোমবার গৌরীপুর থেকে নেত্রকোনার খালিয়াজুরির আড়াকান্দির এলাকায় ধান কিনতে গিয়ে নিখাঁজ হয় আব্দুল মজিদ। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। এদিকে মজিদের নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার খালিয়াজুরি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে মজিদের পরিবার। এরপরই পুলিশ তার সন্ধান বের করতে তদন্ত শুরু করে। বৃহস্পতিবার সকালে খালিয়াজুরির একটি হাওড় থেকে বস্তাবন্দি মজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় বাদল ও বিজয় নামে দুই জনকে আটক করেছে।

খালিয়াজুরির লিপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হানিফ উদ্দিন বলেন, আটককৃত ব্যক্তিদের সাথে নিয়ে হাওড় এলাকা থেকে ধান ক্রয় করতো মজিদ। সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসজেড