প্লাস্টিকের চাল বলতে কোনো চাল নেই :কৃষিমন্ত্রী

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৪

প্লাস্টিকের চাল পাওয়ার খবরকে ভিত্তিহীন দাবি করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্লাস্টিকের চাল বলতে কোনো চাল নেই। এটি কোনোক্রমেই হতে পারে না। গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে সাক্ষাত্ শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আমি গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি), ডেপুটি ডিরেক্টরের (কৃষি) সঙ্গে কথা বলেছি, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই চাল এনে রান্না করা থেকে শুরু করে মুড়ি পর্যন্ত বানানো হয়েছে। সেটা কোনোক্রমেই প্লাস্টিকের চাল নয়।

সম্প্রতি গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার বিষয়টি গণমাধ্যমে এলে ভোক্তাদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত প্লাস্টিকের চাল সন্দেহে ১৫ কেজি চালও জব্দ করেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের চ্যালেঞ্জ হলো কী করে মানুষকে পুষ্টিসম্মত খাবার খাওয়াতে পারি। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটা বড় আধুনিক ল্যাবরেটরি করার ঘোষণা দিয়েছেন, যাতে দ্রুত খাদ্যে ভেজাল নির্ণয় করা যায়। এ ছাড়া আট বিভাগে আরও আটটি ল্যাব করা হবে। এসব ল্যাবরেটরিতে যন্ত্র চালানোর জন্য প্রশিক্ষিত জনবল দরকার। সেজন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, যে কোনো দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সেটি অনেকটা নিশ্চিত করেছে বাংলাদেশ।

মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে এবং বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।