তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে সাত বছরের এক শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার হোসেন আলী (৬৩) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় মাঝদক্ষিণা গ্রামের পশ্চিমপাড়ায়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ভিক্ষাবৃত্তি করে জীবিকানির্বাহ করেন। গত ৩ আগস্ট তার মাও বাড়িতে ছিলেন না। এই সুযোগে হোসেন আলী শিশুটির বাড়িতে গিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করে। এরপর শিশুটি কেঁদে কেঁদে সবাইকে তা বলে দেয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে হোসেন আলীকে আসামি করে মামলা করেছেন। মামলার ভিত্তিতে হোসেন আলীকে গ্রেফতার করা হয়েছে।
