সিরাজদিখানে দুর্ভোগে গ্রামবাসী
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সড়কপথ এক মাস যাবত বন্ধ। নদীপথ বন্ধ প্রায় পাঁচ বছর। তাই যোগাযোগের অভাবে বন্দি জীবনযাপন করছে গ্রামটির প্রায় ৭ হাজার বাসিন্দা। সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামবাসী এ ভোগান্তির শিকার।
এলাকাবাসী জানায়, এ গ্রাম থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের জন্য রয়েছে এলজিইডি বিভাগের একটি মাত্র সড়ক। এ সড়কের গুয়াখোলা থেকে বাসাইল পর্যন্ত প্রায় এক কিলোমিটার কার্পেটিং করার উদ্দেশ্যে খনন করা হয় প্রায় এক মাস আগে। এলাকাবাসীর চলাচলের ব্যবস্থা না করে এভাবে দীর্ঘদিন খনন করা অবস্থায় ফেলে রাখায় রাস্তায় কোনো যানবাহন কিংবা স্বাভাবিক হাঁটা সম্ভব না হওয়ায় গ্রামবাসী বন্দি হয়ে পড়েছে। বিশেষ করে যানবাহনের অভাবে গ্রামে কোনো দোকানে নিত্যপ্রয়োজনীয় মালামাল আনতে না পারায় এলাকার বিভিন্ন দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মালামাল বিক্রয় হচ্ছে বলে জানা যায়।
এ ছাড়া খনন করা রাস্তার পার্শ্বে মাটির স্তূপের ওপর দিয়ে এলাকাবাসী জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ছাড়া কচুরিপানার কারণে গ্রামের নৌপথ বন্ধ রয়েছে প্রায় পাঁচ বছর যাবত।
এ ব্যাপারে এলজিইডি বিভাগের সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়েব বিন আজাদ জানান, রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
