শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
শ্রীপুরের বরমী-গোসিংগা দুই ইউনিয়নের সীমান্তবর্তী ওরাদি খালের ওপরে নির্মিত কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা সেতুটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে । বরমী ইউনিয়নের বরমা গ্রামের দক্ষিণ ও গোসিংগা ইউনিয়নের পেলাইদ উত্তর গ্রামের মানুষের চলাচলের জন্য সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এ সেতু দিয়ে চলাচল করতে হয় দুই গ্রামের মানুষের। কয়েক বছর আগে কাঠ দিয়ে তৈরি করা হয় সেতু। বর্তমানে এর খুঁটির নড়বড়ে অবস্থা। দুই গ্রামের বাসিন্দারা জানায়, স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন, এখানে শিগিগরই পাকা সেতু নির্মাণ করা হবে।
বরমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বলেন, যদি এটি মেরামতও করে দেওয়া হয় তা হলে আপাতত দুই গ্রামের মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। বরমী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলী আমজাদ পণ্ডিত বলেন, সেতু তৈরির বিষয়ে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজের সঙ্গে আলোচনা হয়েছে। অবশ্যই এখানে সেতুর ব্যবস্থা করা হবে ।
