লক্ষ্মীপুরে করোনার টিকা নিবন্ধন করতে টাকা আদায়ের অভিযোগ

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:৪৫

বিনা মূল্যে কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধনে টাকা আদায়ের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরের চরপাতা ইউপির দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। টাকা দিলে নিবন্ধন পাচ্ছেন করোনার টিকা নিতে আগ্রহীরা। যারা টাকা দিতে রাজি না তাদের নিবন্ধনও হচ্ছে না।

চরপাতার গাজীনগর এলাকার রঞ্জন আলী পাটওয়ারী বাড়ির মো. মিজান, রাশিদা বেগম, আনোয়ার উল্যা পাটওয়ারীসহ অনেকে জানান, কমিউনিটি সেন্টার ও রমজান আলী পাটওয়ারী বাড়ির ইপিআই টিকাকেন্দ্রে বসে করোনার জন্য নিবন্ধন করেন স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথ। জনপ্রতি ৫০ টাকা করে নিয়ে করোনার টিকার নিবন্ধন করে দেন। গত সোম, মঙ্গল ও বুধবার তিনি এখানে এ কার্যক্রম চালান বলে জানিয়েছেন গ্রামের লোকজন। এ কাজে তাকে সহযোগিতা করে ক্লিনিকের সিএইচসিপি নুরজাহান।

স্বাস্থ্য সহকারী সুনীল চন্দ্র দেবনাথ বলেন, ‘আমার ছেলের কম্পিউটার দিয়ে নিবন্ধন করিয়েছি। এটি আমার দায়িত্ব না হলেও আমি নিজ উদ্যোগে করোনার টিকার নিবন্ধনের জন্য এনআইডি নাম্বার খাতায় লিখে ৫০ টাকা করে কম্পিউটারের খরচ নিয়েছি। গত দুই দিনও অর্ধশতাধিক লোকের নিবন্ধন করে তাদের টিকা কার্ড দিয়ে দেওয়া হয়েছে। নিবন্ধনের জন্য টাকা দিয়েছেন এমন লোকের সংখ্যা ৫০-৫৫ জন হবে।