‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম দেশ’

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৭:৩৯

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, এ দেশের স্বাধীনতার প্রথম স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম দেশ।

সোমবার (৯ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এনামুল হক শামীম বলেন, আগস্ট মাস শোকের মাস। আমাদের বেদনার মাস। যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে দেশকে আবার পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাবে। কিন্তু ঘাতকরা হয়নি। সফল মুজিব চেতনায় জাগ্রত, হৃদয়ে স্পন্দিত, শোকাহত-প্রতিবাদী-মুজিব বিপ্লবী জনতা কোটি কোটি। মুজিব মরেনি, মরতে পারে না। শতবর্ষে শেখ মুজিব শতকোটি গুণ শক্তিশালী। 

তিনি আরও বলেন, নদী ভাঙ্গন থেকে গোপালগঞ্জকে রক্ষার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, সারাদেশকেই নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে জাতির জন্মভূমি গোপালগঞ্জে বিশেষ পদক্ষেপ নিয়েছি। 

এসময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক ফজলুর রশিদ, ফরিদপুর পাউবোর প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, গোপালগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. ফইজুল রহমান, গোপালগঞ্জ কোটালিপাড়ার পৌরসভার মেয়র বদরুল আলম বদর, কোটালীপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার খায়েরসহ আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম