আফগানিস্তানের জোজ্জন প্রদেশের শেবারগান শহরে তালেবানদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বি-৫২ বোমারু বিমান। শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ হামলা করা হয় বলে জানিয়েছে লাস্টলি ডট কম। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, এই হামলায় তালেবানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে শনিবারই আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে উপলব্ধ বাণিজ্যিক ফ্লাইট অপশন ব্যবহার করে আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। নিরাপত্তার শর্ত এবং কর্মী হ্রাসের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে মার্কিন নাগরিকদের সহায়তা করার ক্ষমতা অত্যন্ত সীমিত।
এদিকে রবিবার (৮ আগস্ট) আফগানিস্তানের প্রধান প্রাদেশিক রাজধানী কুন্দুজ দখল করেছে তালেবানর। এদিকে দেশটির উত্তরের প্রাদেশিক রাজধানী শার-ই-পুলের কেন্দ্রস্থলে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানদের তীব্র লড়াই চলছে। এএফপি’র সংবাদদাতা জানান, তালেবানরা কুন্দুজ দখল করেছে এবং শহরের সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে। শার-ই-পুলের একজন আইন প্রণেতা এএফপিকে বলেছেন, তালেবানরা শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে এবং রাস্তায় রাস্তায় লড়াই চলছে।
ইত্তেফাক/এসএ
