সরকার পরিবহন সংখ্যার অর্ধেক চলাচলের নির্দেশ দিলেও শতভাগ গাড়ি চলাচলের অনুমতি চেয়েছে মালিক সমিতি। সোমবার (৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবির কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রবিবার (৮ আগস্ট) করোনাভাইরাস সংক্রমণ-রোধে সরকার বিধিনিষেধ শিথিল করে আগামী ১১ আগস্ট থেকে গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাড়ির আসন সংখ্যার সমান সংখ্যক যাত্রী অর্থাৎ যত সিট তত যাত্রী নিয়ে চলাচল করবে। মালিক সমিতি সরকারের নির্দেশনা মেনেই বর্ধিত ভাড়া না নিয়ে আগের ভাড়ায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকাসহ দেশের সব পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, প্রজ্ঞাপনের একটি অংশে বলা হয়েছে, মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করবে। এক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে বা কতটি গাড়ি চলাচল করছে দেশব্যাপী, এ বিষয়টি নির্ণয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে শ্রমিকরাও বেকার থাকবে। তাদের কষ্ট লাঘব হবে না। মালিকেরাও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া দীর্ঘদিন পরে গাড়ি চালু হবে, যার একটি মাত্র গাড়ি আছে তার অবস্থার কী হবে?
ইত্তেফাক/কেএইচ/এসজেড
