বাঙালির জ্ঞানের খোরাক যোগাচ্ছে ‘থিংক বাংলা’

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৩৭

সারা জাগিয়েছে বিজ্ঞান ভিত্তিক ইউটিউব চ্যানেল থিংক বাংলা। সম্প্রচারে আসার স্বল্প সময়ের মধ্যে এই চ্যানেলটি দর্শকপ্রিয়তা পেয়েছে। চ্যানেলের গ্রাফিক্স আর অ্যানিমেশনের মাধ্যমে তৈরি বৈজ্ঞানিক তথ্য সম্বলিত কনটেন্টগুলো বাঙালি দর্শকদের জ্ঞানের খোরাক যোগাচ্ছে।

বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রমশ এগিয়ে যাচ্ছে বিশ্ব। আর এই বিজ্ঞান বিষয়ে মানসম্মত আলোচনা- গবেষণার বেশিরভাগই হয়ে থাকে ইংরেজি ভাষায়। কিন্তু থিংক বাংলা তাদের বিজ্ঞানভিত্তিক গবেষণাধর্মী তথ্যচিত্রগুলো বাংলা ভাষায় তৈরি করছে বাঙালীদের জন্য। পাশাপাশি ইংরেজিতে থাকছে এসব তথ্যচিত্র।

মানুষকে ‘প্রকৃত তথ্য’ দিতে ইউটিউবভিত্তিক এই চ্যানেলটি চালু করেন বন্যা আহমেদ এবং ইমতিয়াজ সামস৷ ২০১৯ সালে তারা এটি প্রতিষ্ঠা করেন। হিউম্যানিস্টস ইন্টারন্যাশনাল থিংক-কে প্রতিষ্ঠাকালীন আর্থিক সহায়তা করেছে। ২০২১ সালে হিউম্যানিস্টস ইন্টারন্যাশনাল থিংককে দেয়া অনুদান নবায়ন করে। এছাড়া থিংক নামে রয়েছে ইংল্যান্ডে নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনও। thinkschool.org নামে তাদের একটি ওয়েবসাইটও রয়েছে।

ইউটিউব চ্যানেল থিংক বাংলার তৈরি বিজ্ঞান-প্রযুক্তি, ইতিহাস, শিল্প-সংস্কৃতি নিয়ে বিশেষজ্ঞ-সমর্থিত, মজার সব শিক্ষামূলক তথ্যচিত্র গণমাধ্যমে প্রশংসিত হয়েছে। থিংক বাংলা তাদের ভিডিও কন্টেন্টগুলোর মান এবং নির্ভরযোগ্যতা রক্ষা করতে কয়েক ধাপে, শিক্ষাবিদ, গবেষক, বিশেষজ্ঞ এবং ছাত্রদের সাথে তথ্য যাচাই করে নেয়।

অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ, কুইন মেরি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (রিভারসাইড), ঢাকা বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকনোমিক্স, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনলজিসহ বিশ্ববিখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকেরা রয়েছে। এই উদ্যোগের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের এক ঝাঁক তরুণ প্রতিভা এই তালিকায় যুক্ত আছেন সাংবাদিক, গবেষক,  শিক্ষকসহ বিভিন্ন স্তরের সৃজনশীল মানুষ।

ইত্তেফাক/জেডএইচডি