স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, শারীরিকভাবে অক্ষম ও বয়স্কদের কারাভোগ থেকে বাদ দেওয়া যায় কি-না, তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সার্বিক শৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয়ে সভা শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান।
আরো পড়ুন: বাড়তি ভাড়া, কারণ জানতে গেলে সাংবাদিককে আত্মহত্যার প্ররোচনা রেল সচিবের
সম্প্রতি জাহালম নামে টাঙ্গাইলের এক পাটকল শ্রমিক ৩৩টি মামলার ভুল আসামি হিসেবে তিন বছর কারাভোগ করে মুক্তি পেয়েছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংক্রান্ত আমাদের একটি সংস্থা আছে, কেউ এভাবে ভিকটিম থাকলে তারা তাকে শনাক্ত করার চেষ্টা করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা অচল হয়ে গেছে, বয়স্ক বা দীর্ঘদিন জেলে আছে, তাদের বিবেচনা করার জন্য- শনাক্ত করে মুক্তি দেওয়া যায় কি-না, তার ব্যবস্থা করার জন্য। তবে জাহালমের ঘটনার জন্য কে দায়ী সেটি খতিয়ে দেখা হচ্ছে এবং অনুসন্ধান করে দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/জেডএইচ

