রাবি শিক্ষকের বিরুদ্ধে এমপি শিমুলের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২৩:২৩

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সরকার সুজিত কুমারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। গত রবিবার রাতে সংসদ সদস্য থানায় উপস্থিত হয়ে বোয়ালিয়া মডেল থানার ওসির কাছে অভিযোগটি দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, অভিযোগটি যাচাই-বাছাই করার প্রয়োজন আছে। আমরা আলামত সংগ্রহ করেছি। তদন্ত করার পর অভিযোগের সত্যতা পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে। তিনি বলেন, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার অভিযোগে উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. সুজিত সরকার অনলাইন আইপি টিভিতে তাকে সন্ত্রাসী, তার কোনো রাজনৈতিক সংস্কৃতি নেই ইত্যাদি বলে সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করে মানহানি করেছেন। এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, তার নামে মিথ্যা অভিযোগ করায় নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের বইয়ে তার বাবার নামে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন নাটোর সদর আসনের সংসদ সদস্য।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সুজিত সরকার।

জিডিতে অধ্যাপক সুজিত কুমার উল্লেখ করেন, তিনি ২০০৯ সালে ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। যার প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০১০ ও ২০২১ সালে। বইয়ের ৬০০ নম্বর পাতায় ২১ নম্বর রাজাকার তালিকায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা ‘হাসান আলী সরদার’-এর নাম প্রকাশ করা হয়। এতে এমপি শিমুলের পক্ষে অবস্থান নিয়ে অপরিচিত অনেকেই তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তবে সংসদ সদস্য শিমুলের বিরুদ্ধে হুমকির অভিযোগের কোনো সত্যতা না পেয়ে অধ্যাপক সুজিত সরকারের জিডি খারিজ করে দেয় বোয়ালিয়া মডেল থানা পুলিশ।