অষ্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ক্রিকেট দলের সব সদস্য ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, ‘টাইগারদের’ জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো পৃথক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সরকারপ্রধান।
জেপির অভিনন্দন : শক্তিশালী অষ্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং সাধারণ সম্পাদক সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ দলের এই বিজয়ে আমরা দলের অধিনায়ক, কোচ, বিশেষ করে সাকিব আল হাসানকে এবং দলের সব খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে নেতৃদ্বয় প্রত্যাশা করেন।
