কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ও নার্সদের ভুল চিকিত্সায় এক প্রসূতি নার্স ও তার নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঐ নারীর নাম আসমা আক্তার। তিনি সিনিয়র নার্স হিসেবে ঐ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চাকরি করতেন।
গত রবিবার দিনব্যাপী আসমা আক্তারের স্বাভাবিক প্রসব করানোর প্রচেষ্টার পর নবজাতকের জন্ম হলেও প্রসূতির প্রচণ্ড রক্তপাত শুরু হয়। ঐ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ও নার্সরা তার রক্তপাত বন্ধ করতে ব্যর্থ হলে তাকে রাজধানীর উত্তরার হাইকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। ঐ দিন বিকালেই মারা যায় নবজাতক। আসমা আক্তার তরগাঁও গ্রামের ধলাগড় সেতু এলাকার বাসিন্দা সৌদি আরব প্রবাসী জাহিদের স্ত্রী। আসমা আক্তারের দেবর সারওয়ার হোসেন এসব অভিযোগ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সালাম সরকার জানান, অপরিণত বয়সে বাচ্চা প্রসব করাতে গিয়ে সিনিয়র নার্স আসমা আক্তারের রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি। পরে কর্তব্যরত ডাক্তার ও নার্সরা তাকে ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দিলে পথিমধ্যে বেশ সময়ক্ষেপণ হয়, একারণে তার মৃত্যু হয়েছে। ভুল চিকিত্সার বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।
