‘দৈনিক ইত্তেফাক’ বাংলাদেশের একটি অন্যতম প্রধান জাতীয় পত্রিকা। এই পত্রিকা এদেশের শিশু-কিশোরদের বিকাশে অনেক ভূমিকা রেখে আসছে। তার মধ্যে একটি হলো শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন ‘কচি-কাঁচার আসর’। এই পাতাটির আমি নিয়মিত পাঠক। পাতাটি আমার বেশ ভালো লাগে। গত ১ ফেব্রুয়ারি ২০১৯ ‘অনুশীলন-কচি-কাঁচার আসর স্কুলে স্কুলে’ আয়োজনটি আমার অনেক ভালো লেগেছে। কারণ পুরো পাতা জুড়ে শিশুরাই ছিল এর লেখক। এই সংখ্যায় আমাদের বয়সী অনেক শিশু-কিশোর লেখা পাঠিয়েছে। তার মধ্য থেকে নির্বাচিত কয়েকজন শিশু-কিশোরের লেখা প্রকাশিত হয়। এর মাধ্যমে তারা আরও বেশি লিখতে আরো বেশি জানতে উত্সাহিত হবে। এখানে শীতকাল নিয়ে লেখা প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি লেখাই অনেক সুন্দর। শিশুরা কুঁড়ি। তারা আগামী দিনের ফুল। শিশু-কিশোরদের ফুল হয়ে ফুটে উঠতে এবং লেখালেখি সম্পর্কে আগ্রহী করে তুলতে দৈনিক ইত্তেফাক পত্রিকাটি বরাবরই ভূমিকা রেখে আসছে। কচি-কাঁচার আসরের পরিচালকের নতুন নতুন চিন্তার ফল ‘অনুশীলন-কচি-কাঁচার আসর স্কুলে স্কুলে’। এই আয়োজন যাতে চলমান থাকে সেই আবেদন রাখছি। আগামী দিনে আমাদের বয়সীদের এমন সুযোগ করে দেয়ার জন্যও অনুরোধ রাখছি। পরিশেষে কচি-কাঁচার আসরকে অসংখ্য ধন্যবাদ।
ইতি
অর্কপ্রিয়া ধর শ্রীজা
৭ম শ্রেণি, বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়
ময়মসিংহ
