হাসনাত আমজাদ
বইমেলাতে অনেক মানুষ, যায় না ভিড়ে ঢোকা
আসছে সবাই দলে দলে, যারা বইয়ের পোকা।
সেও যাবে, বাবার কাছে জেদ ধরেছে খোকা
এসেছে তাই, কিন্তু এসে যায় বনে সে বোকা।
হরেক রকম বইয়ের দোকান, আছে দোকান খাবার
তুলছে ফটো সাংবাদিকে, করছে নিউজ কাভার।
কিছু স্টলে লোক গমগম জো নেই কাছে যাবার
অবাক হয়ে দেখছে খোকা, হাত ধরেছে বাবার।
করছে খেয়াল, দোকান থেকে কিনছে লোকে কে কী
প্রশ্ন করে বাবাকে সে, আচ্ছা বাবা একি!
অনেক মানুষ যাদের হাতে বই কেন না দেখি?
অকারণে ঘুরছে তারা, বইমেলা কি মেকি?
প্রশ্ন শুনে হাসে বাবা, ওরে পাগল ছেলে
কিনতে হবে সবাইকে বই বইমেলাতে এলে?
কেউ এসেছে ছুটির দিনে ঘুরবে হেসে খেলে
মেলা মানেই আনন্দহাট, বন্ধু অনেক মেলে।
বলল খোকা, যে যা-ই করুক আমরা তেমন নই
সবার উচিত মেলায় কেনা একটা করে বই।
কিনবো আমি গল্প, ছড়া বলো সেসব কই?
স্যার বলেছেন, বই পড়ে সব মানুষ যেন হই।
