নওশীনের ‘শিখি’ এবং ‘শেখাই’

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:১৯

>> ফারহান ইশরাক

 

দশম শ্রেণির শিক্ষার্থী নওশীন। স্কুলের ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডায় পার হওয়ার কথা ছিল স্কুলজীবনের শেষ এই বছরটি। কিন্তু করোনার কারণে সেই সুযোগ আর হলো না। ঘরে বসেই কাটাতে হচ্ছে প্রতিটি দিন। তাই ঘরে থেকেই নতুন কিছু করার কথা ভাবছিল নওশীন। ছোটবেলা থেকেই নতুন বিষয় শেখার প্রতি আগ্রহ ছিল তার। ছিল অন্যকে শেখানোর আগ্রহও। তাই এই অখণ্ড অবসরে অযথা বসে না থেকে নতুন কিছু শিখে বন্ধুদের শেখানোর সিদ্ধান্ত নেয়। এই ভাবনা থেকেই ‘Let's learn with Noushin’ পেজের যাত্রা শুরু। শুরুর দিকে পেজের মাধ্যমে নওশীন নিজের করা গান, আবৃত্তি বন্ধুদের সঙ্গে শেয়ার করতো। এরপর বিভিন্ন আন্তর্জাতিক দিবস, বিজ্ঞান বা ইতিহাসের মজার কোনো বিষয় নিয়ে যখনই সে নতুন কিছু জানতে পারতো, সেটি ভিডিও আকারে ছড়িয়ে দিতে থাকলো বন্ধুদের সঙ্গে। বন্ধুরাও সানন্দে গ্রহণ করে নওশীনের এই শিক্ষণীয় উদ্যোগকে। ইন্টারনেট, বিভিন্ন অনলাইন কোর্সের মাধ্যমে প্রতিদিনই ভিন্ন কিছু শেখার চেষ্টা করছে নওশীন। নিজের শেখা বিষয়গুলোই ছড়িয়ে দিচ্ছে বন্ধুদের মাঝে। আবার, লকডাউনের সময় পেজ থেকে লাইভ প্রোগ্রামের আয়োজনও করেছে। উপস্থাপনা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, লেখালেখির আদ্যোপান্ত জানার জন্য নিয়ে এসেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এর মাধ্যমে নিজের ও বন্ধুদের জানার পরিধিকে আরো বাড়িয়ে তোলার চেষ্টা করছে নওশীন। নিজের লক্ষ্য নিয়ে জানতে চাইলে সে বলে, ‘সুযোগ থাকলেও আমরা অনেকেই ইন্টারনেট থেকে নতুন কিছু শেখার চেষ্টা করি না। তাই আমি নিজে শিখে সহজ ভাষায় বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যেন আমি নিজেও শিখতে পারি এবং অন্যদেরকেও শেখাতে পারি।’ দেশের পঞ্চগড় জেলায় বেড়ে ওঠা নওশীন স্বপ্ন দেখে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে নিজের জ্ঞান ছড়িয়ে দেওয়ার।