ফেনীতে স্বর্ণ ডাকাতি: ওসি সাইফুল ৪ দিন ও বাকিরা ৩ দিনের রিমান্ডে

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৮:১৭

ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ভুঁইয়াকে চারদিনের ও তার সহযোগী বাকি পাঁচজনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ আগস্ট) তাদের সদর আমলি আদালত-১ এর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রিমান্ডের জন্য উঠালে আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। 

এর আগে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (১০ আগস্ট) মঙ্গলবার রাতে ডিবি পুলিশের এসব কর্মকর্তাকে গ্রেফতার করে জেলা পুলিশ। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ছিনতাই ও ডাকাতির মামলা করেছেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। গ্রেফতারকৃত অন্যরা হলেন, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।

ব্যবসায়ী গোপাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, রবিবার সন্ধ্যায় তাকে আটক করার পর স্বর্ণের বারগুলো ছিনিয়ে নিয়ে রাত ৮টার দিকে ছেড়ে দেন ডিবির অভিযুক্ত ওই কর্মকর্তারা। এই ব্যবসায়ীর দাবি, তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া ২০টি স্বর্ণের বারের বাজারমূল্য আনুমানিক এক কোটি ২৪ লাখ টাকা।

স্বর্ণবার আত্মসাতের অভিযোগে ডিবির ওসিসহ গ্রেপ্তার ৬

গ্রেফতারের পর ওসি সাইফুল ইসলাম ভূঁঞা সহ ছয় পুলিশ কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার জেলা পুলিশ প্রশাসক ফেনী মডেল থানায় সোপর্দ করে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

কিছুদিন আগে ফেনীতে স্বর্ণব্যবসায়ী গোপাল কান্তি দাশের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি বাদী হয়ে গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভূঁঞা সহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন উপস্থিতিতে দিনভর তদন্ত শেষে তারা স্বর্ণগুলো ডাকাতি করেছে বলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান এবং স্বর্ণ বারগুলো উদ্ধারের পর তাদেরকে গ্রেফতার করে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়। 

ইত্তেফাক/জেডএইচডি