সাকিবের একদিন

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৩৭

টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডার ও প্লেয়ার অব দ্য মান্থ

 স্পোর্টস রিপোর্টার

টানা দুটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম করেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অলরাউন্ড নৈপুণ্যে ভাস্বর এ বাঁহাতি অলরাউন্ডার। দুই সিরিজে পারফরম্যান্সের স্বীকৃতি এক দিনেই পেয়েছেন তিনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গতকাল সুখবর শুনিয়েছে সাকিবকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফরম করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশ দলও ৪-১ এ সিরিজ জিতে ইতিহাস গড়েছে। ব্যাটে-বলে জ্বলে ওঠার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অলরাউন্ডারদের শীর্ষে উঠে এসেছেন সাকিব। তিন বছর পর এ ফরম্যাটে সেরা অলরাউন্ডারের মুকুট ফিরে পেলেন তিনি।

জিম্বাবুয়ে সফরের পারফরম্যান্সের কারণে আইসিসি জুলাই মাসের প্লেয়ার অব দ্য মান্থও নির্বাচিত হয়েছেন সাকিব। মুশফিকুর রহিমের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ পুরস্কার পেলেন তিনি।

গতকাল নতুন র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি তে ২০১৮ সালের মার্চে শীর্ষ অলরাউন্ডারের স্থানটা হারিয়েছিলেন সাকিব। সর্বশেষ হোম সিরিজে ব্যাটিংয়ে ১১৪ রান ও বোলিংয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি, সিরিজ সেরাও হয়েছেন। নামের পাশে যোগ হয়েছে ৩৪ রেটিং পয়েন্ট। টপকে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীকে। সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৮৬, নবীর ২৮৫।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই অনন্য রেকর্ড গড়েছিলেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের। শীর্ষ দশে উঠে এসেছেন ৭ উইকেট পাওয়া মুস্তাফিজ। ২০ ধাপ এগিয়ে র্যাংকিংয়ে তার অবস্থান এখন ১০ নম্বর। ৮ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার নাসুম এখন ৬৬ নম্বরে রয়েছেন। টি-২০ বোলারদের সেরা দক্ষিণ আফ্রিকার তাবরেইজ শামসি, ব্যাটিংয়ে শীর্ষস্থানে ইংল্যান্ডের ড্যাভিড মালান।

জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটারের দৌড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। দুজনকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের এ ক্রিকেটার। গতকাল প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে সাকিবকে বিজয়ী ঘোষণা করা হয়। গত মে মাসে মুশফিকও একই পুরস্কার পেয়েছিলেন। নারী ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলর হয়েছেন জুলাই মাসের সেরা। তিনি পেছনে ফেলেছেন স্বদেশি হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের ফাতিমা সানাকে।