সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
উত্তর জনপদের মানুষের বহুলপ্রত্যাশিত সারিয়াকান্দি-মাদারগঞ্জ যমুনার নৌরুটে সি-ট্রাক সার্ভিস চালু হচ্ছে আজ বৃহস্পতিবার। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পূর্ব পাড়ে মাদারগঞ্জ ঘাটে এ সার্ভিস উদ্বোধন করবেন। পরে তিনি সি-ট্রাকে পশ্চিম পাড় সারিয়াকান্দি কালিতলা ঘাটে এসে নামবেন।
সি-ট্রাকের ইজারাদার জাহিদুল ইসলাম উজ্জ্বল জানান, আবদুর রব সেরনিয়াবাদ নামের সি-ট্রাকটিতে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনসহ রয়েছে দুই শতাধিক যাত্রী আসন। একইসঙ্গে পাঁচ/সাতটি কার এবং ১৫/২০টি মোটরসাইকেলের ধারণ ক্ষমতা রয়েছে। ১৬ কিলোমিটার নৌপথে যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। মির্জা আজম এমপি জানান, দুই পাড়ে অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নয়ন কাজ শেষ হলে পদ্মাসেতুর কাজে নিয়োজিত ফেরি এই নৌরুটে নিয়ে আসা হবে। বিআইডব্লিউটি-এর পরিচালক (বাণিজ্যিক) এ এস এম আশিকুর রহমান জানান, আপাতত সি-ট্রাক সার্ভিস চালু হচ্ছে। ছয় মাস পর ফেরি সার্ভিস চালু করা হবে।
