পুতুলের ‘সেই কবিটার গল্প বলি’

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:১৮

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে পুতুল একটি গান গেয়েছেন। শোক দিবসে সেই গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানের শিরোনাম ‘সেই কবিটার গল্প বলি’। গানটি লিখেছেন ও সুর করেছেন পুতুল নিজেই। সংগীতায়োজন করেছেন সৈয়দ রেজা আলী। পুতুল বলেন, ‘বাংলাদেশের সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর জন্য। তাই এই মহান মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এ গানটি করা। আমার কাছে শোক দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের মতো আর কোনো প্রয়াস নেই। শিল্পী হিসেবে এটাই আমার নিজস্ব ক্ষুদ্র প্রয়াস। আমি ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’

এরইমধ্যে ‘বিষাক্ত দুপুর’ নামেও আরেকটি মৌলিক গান করেছেন পুতুল। গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সৈয়দ রেজা আলী। পুতুল জানান, এটি একটি জ্যাজ ঘরানার গান। প্রথমবার এই ধরনের গান গাইলেন তিনি। একজন পুতুলের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম দেশের বাইরের শিল্পী মৌসুমি ভৌমিক। তার জীবন দর্শন এবং তার সৃষ্টি পুতুলকে খুব অনুপ্রাণিত করে।

এদিকে, গত রবীন্দ্র প্রয়াণ দিবসে সংগীতশিল্পী পুতুল তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন রবীন্দ্রসংগীত ‘পুরানো সেই দিনের কথা’। গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন পুতুল। পুতুল বলেন, ‘এই গানটি গাইবার পরিকল্পনা ছিল  অকেদিনের। রেজার সঙ্গে কাজ করার একেবারে শুরুর দিকে গানটা করে রাখা। কিন্তু প্রকাশ করা হচ্ছিল না। এবার রবীন্দ্র প্রয়াণ দিবসে তাই গানটি প্রকাশ করলাম। গানটি প্রকাশ হয়েছে আমার ইউটিউব চ্যানেলে এবং স্টুডিও গানবাড়ির পেজে। সৈয়দ রেজা আলীর সংগীতায়োজনে এই গানে অল্প সময়েই এতো সাড়া পাবো, ভাবিনি। সবার কাছে গানটি ভালোলাগার বিষয়টি আমাকে আপ্লুত করেছে। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সবাইকে যারা ভালোবেসে গানটি শুনেছেন এবং শুনছেন। সত্যি বলতে কি আমরা যারা গান করি তারা একটু অনুপ্রেরণা পেলেই পরবর্তী সময়ে আরো ভালো কাজ করতে আগ্রহী হয়ে উঠি। কারণ প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা ভালো কাজটাই করার চেষ্টা করি।’