প্রথমবার ওয়েব সিরিজে

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:১৮

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

রোজী সেলিম, বাংলাদেশের টিভি নাটকের গুণী অভিনেত্রী। তার অভিনয়ে এখনো মুগ্ধ হচ্ছেন এদেশের কোটি কোটি দর্শক। অন্যান্য অভিনয়শিল্পীর মতো রোজী সেলিমেরও প্রবল আগ্রহ আছে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজগুলোতে কিংবা ওয়েব ফিল্মে কাজ করার। তবে সে ক্ষেত্রে নির্মাতাদের প্রতি বিশেষ অনুরোধ করেছেন রোজী সেলিম। রোজী সেলিম বলেন, ‘সত্যি বলতে কি আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যকে প্রধান্য দিয়ে যেন ওয়েব সিরিজগুলো নির্মাণ করা হয়। কারণ ওটিটি প্ল্যাটফর্মে সহজেই আমাদের কাজগুলো এখন দর্শক উপভোগ করতে পারবেন। নির্মাতাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যেন আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য সম্মানজনকভাবে উপস্থাপন করা হয় এবং তা নিয়ে যেন কোনো বিতর্ক না থাকে। যথাযথভাবে শিল্প সম্মতভাবেই যেন উপস্থাপন করা হয়। তাহলে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দেখাতে পারব। আগামী প্রজন্ম এখান থেকেই জানার সুযোগ পাবে। শিল্পী হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে সচেতনভাবে কাজ করার।’ রোজী সেলিম জানান, প্রথমবারের মতো তিনি জি-ফাইভের জন্য নজরুল ইসলাম রাজুর পরিচালনায় একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন। শিগগিরই এর শুটিং শুরু হবে। এরই মধ্যে তিনি বৈশাখী টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বউ শ্বাশুড়ি’র শুটিংয়ে  অংশ নিয়েছেন। এটি নির্মাণ করছেন আকাশ রঞ্জন। এরইমধ্যে টানা কয়েকদিন তিনি মামুনুর রশীদ পরিচালিত বিটিভি’র ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’র শুটিংয়ে অংশ নিয়েছেন। পরবর্তী সময়ে বিটিভিতেই প্রচার শুরু হওয়া অনিমেষ আইচ রচিত ও পরিচালিত ‘এখানে কেউ থাকেনা’র শুটিংয়ে অংশ নিবেন, যেটির শুটিং হবে ঢাকায় ও টাঙ্গাইলের মুধুপুরে। এদিকে বেশকিছুদিন আগে সৈয়দ আপন আহসানের পরিচালনায় একটি ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন রোজী সেলিম। সেই বিজ্ঞাপনেরই সিক্যুয়ালে আবারো তিনি কাজ করবেন বলে নিশ্চিত করেছেন। তবে এখনো শুটিংয়ের জন্য তারিখ নির্ধারিত হয়নি।