শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের সনদ সহজীকরণের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শুমারি শুরু হয়েছে।
গত বুধবার বিকেলে উপজেলার আশিদ্রুণ ইউনিয়নের রামনগর মণিপুরী পাড়ায় আনুষ্ঠানিকভাবে এই শুমারির কাজ শুরু করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এর আগে বুধবার সকালে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘নৃ-গোষ্ঠী খানার তথ্য জানান, সনদ সেবা সহজে পান’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ শুমারির কাজ চলবে। এ ব্যাপারে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, এই শুমারি শেষ হলে শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঠিক সংখ্যা ও তথ্য জানা যাবে, ফলে তারা জাতিগত সনদ প্রাপ্তির বিড়ম্বনা থেকে রক্ষা পাবে। তিনি আরো বলেন, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাগরিক বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। প্রায়ই বিশেষ কোটায় তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে কিংবা অনান্য সুুযোগ-সুবিধার ক্ষেত্রে তাদের সনদের প্রয়োজন পড়ে। এই উপলব্ধি থেকে তিনি নিজ উদ্যোগে এ জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শুমারি শুরু করেছেন। তিনি বলেন, প্রাইভেট প্রকল্প হিসেবে কমলগঞ্জে তা সম্পন্ন করেছেন, এতে ওই উপজেলার সমস্ত তথ্য এখন ডাটা আকারে তাদের হাতে রয়েছে। অনুরূপভাবে পুরো জেলার তথ্য সংগ্রহ করা হবে।
