ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকড়। গতকাল বুধবার দিল্লিতে অনুষ্ঠিত ঐ বৈঠকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যাই দিল্লি পৌঁছান গভর্নর ধনকড়। পরদিন বুধবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাত্ করেন তিনি। তাদের দুই জনের মধ্যে কিছুক্ষণ একান্তে আলোচনাও হয়।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মোদির সঙ্গে বৈঠকের পর ধনকড় বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে এসেছিলাম। এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি প্রধানমন্ত্রী মোদিকে অবহিত করেন ধনকড়। এর আগে তিনি কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গেও বৈঠক করেন।
আনন্দবাজার পত্রিকার খবরে আরো বলা হয়েছে, মঙ্গলবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর দুই দিনের সফরে দিল্লি রওনা হয়েছিলেন ধনকড়। এর পরেই তার এই সফরের ‘উদ্দেশ্য’ নিয়ে জল্পনা শুরু হয়। রাজভবন সূত্রের খবর, দিল্লি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও ধনকড় দেখা করতে পারেন।
এর আগে গত ১৭ জুলাই দিল্লি গিয়েছিলেন ধনকড়। বিধানসভা নির্বাচনের পরে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলছিলেন তিনি। সেই পরিপ্রেক্ষিতে তার দিল্লি সফর নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছিল। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে ফের দিল্লি গেলেন তিনি।
