সদরপুরে আওয়ামী লীগ প্রার্থীদের দৌড়ঝাঁপ, মাঠে নেই বিএনপি জোট

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুর আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের সরকারি দলের ও স্বতন্ত্র এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমর্থন নিতে দৌড়-ঝাঁপ শুরু করেছে। সাধারণ ভোটারদের কথা কে হবে নৌকার প্রার্থী ও কে হবে এমপির সমর্থনের প্রার্থী এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। উপজেলা নির্বাচনের আলাপ-আলোচনা হাট-বাজার মাঠে-ঘাটে ও চায়ের দোকান, হোটেল রেস্টুরেন্টগুলোতে হলেও মাঠে নেই বিএনপির ঐক্যজোটের নেতা-কর্মীরা। বিএনপির অনেক প্রার্থী স্বতন্ত্র এমপির সমর্থন নিয়ে নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান দল ছেড়ে সম্প্রতি নিক্সন চৌধুরীর সমর্থন নেওয়ায় অনেক প্রার্থী ও নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছে। মাঠে প্রচার-প্রচারণায় সরগরম থাকলেও কোন প্রার্থী কার সমর্থন নিয়ে মাঠে নামবে সেই সিদ্ধান্তহীনতায় ভুগছে। অধিকাংশ প্রার্থীরা সরকারি দল ছেড়ে স্বতন্ত্র এমপির দল থেকে প্রার্থী হতে বেশি আগ্রহী। অনেকেরই প্রশ্ন সরকারি দল ছেড়ে প্রার্থীরা এখানে কেন স্বতন্ত্র এমপির সমর্থনের পক্ষে ঝুঁকছে। এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় ও সরকারি দলের সমর্থককে পরাজিত করায় জনসমর্থনের শীর্ষে রয়েছে। তাই সরকারি দলের চেয়ে স্বতন্ত্র এমপির বেশি জনসমর্থন আছে বলেই প্রার্থীরা তার সমর্থনে নির্বাচন করতে আগ্রহী।

জানা গেছে, আসন্ন উপজেলা চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার ফকির, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শায়েদীদ গামাল লিপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনিসুর রহমান খাঁন, সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু আলম রেজা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হারিজুর রহমান হারিজ, চৌধুরী আবুল কাইম হিরু ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুর রশিদ খাঁন, মিজানুর রহমান শিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফকির আল মামুন, মো. রিপন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা ও তামান্না পারভিন রেভা ও বিউটি আক্তার।