রাজধানীর কুড়িল বিশ্বরোডে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারাজ নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে গতকাল ভোরে রাজধানীর মোহাম্মদপুরে লরিচাপায় এ টি এম মোতাকাব্বির হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হন।
নিহতের সহকর্মী রুহুল আমিন জানান, তিনিসহ মারাজ ১০ দিন আগে হবিগঞ্জ থেকে ঢাকায় আসেন। তারা দুজনই সততা সিকিউরিটি কোম্পানিতে চাকরি শুরু করেন। গতকাল দুপুরে কুড়িল-বিমানবন্দর সড়কের পাশে ডিউটি করার সময় মারাজ রাস্তা পার হতে গেলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। আহতাবস্থায় রুহুল তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে মারাজ মারা যান। তিনি আরো জানান, নিহত মারাজের গ্রামের বাড়ি হবিগঞ্জ বাহুবল উপজেলার মীরেরপাড়া গ্রামে।
এদিকে গতকাল বুধবার ভোর ৪টায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে লরিচাপায় এ টি এম মোতাকাব্বির হোসেন নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পুলিশ মোতাকাব্বিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। আমিনুল ইসলামের ছেলে মোতাকাব্বির মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের বি ব্লকের ৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
মোহাম্মদপুর থানার এসআই মো. সাইদ বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে লরিটি শনাক্তের চেষ্টা এবং লরি চালককে আটকের চেষ্টা করছি।
