সংসদ নির্বাচনে নারীদের অধিক মনোনয়ন দেওয়ার দাবিতে খুলনায় মানববন্ধন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৫৭

নারীকে ক্ষমতায়নের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অধিক মনোনয়নের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটি। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক সুতপা বেদজ্ঞ। বক্তারা বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের প্রাতিষ্ঠানিক গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়— এ উপলব্ধি থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলের সব কমিটিতে কমপক্ষে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বড় বড় রাজনৈতিক দল তাদের কমিটিতে তা এখনও নিশ্চিত করতে পারেনি। তাই নারীর ক্ষমতায়ন করতে হলে সকল রাজনৈতিক দলের উচিত হবে নারীদের অধিক মনোনয়ন দেওয়া। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল সিংহ রায়, মহানগর সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল হাওলাদার, জেলা সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন, হিরণ্ময় মণ্ডল, দীপক কুমার দে প্রমুখ। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।