বগুড়া ও পাবনায় দুইজন খুন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সদরের তেলিহারা গ্রামে বৃহস্পতিবার প্রতিপক্ষের মারপিটে মোকলেছার রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের সদরের গোকুলে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালু ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, উত্তোলন করা বালুর ভাগবাটোয়ারা নিয়ে আগে থেকেই কিছু সমস্যা ছিল। তবে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া স্কুলছাত্রীকে ফিরিয়ে দেওয়ার ঘটনায় পুরনো বিরোধ তুঙ্গে ওঠে।

পাবনায় প্রতিপক্ষের

ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা প্রতিনিধি জানান, পাবনা সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খাইরুল (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার  হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুরে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল চর শিবরামপুর গ্রামের মৃত ছাবের আলীর  ছেলে।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, একটি উন্মুক্ত জলাশয়ের মাছ ধরাকে  কেন্দ্র করে চর শিবরামপুর গ্রামের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই  জের ধরে বৃহস্পতিবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে খাইরুলকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের  লোকজন। গুরুতর আহতাবস্থায় খাইরুলকে পাবনা  জেনারেল হাসপাতালে আনা হলে মারা যায় খাইরুল। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন  তৈরির পর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।