স্মৃতির ম্যাগপাই

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:৩৮

মেকং পাড়ের পানশালাটি এখনো হয় কি নৃত্যগীতে সরগরম?

সাঁঝগোধূলিতে সঙ্গপ্রিয় পুরুষের যা ছিলো গন্তব্য— আরাধ্য পরম।

নীবিবন্ধে অর্কিড গুঁজে দাঁড়াতে তুমি দোরগোড়ায় সন্ধ্যাবেলা,

উড়ন্ত চুমোর প্রীতিবিনিময় না হলে—  দানা বাঁধতো অবহেলা।

 

ড্যান্সিং ফ্লোরের বর্ণালি আলোয় সিল্কের স্যাশ খসে,

আধেক বিবসনা হতো তোমার অঙ্গ—

বিভোর অনঙ্গরসে,

ছিলো না তো এমন কেউ— চায়নি যে— তোমার নৃত্যসঙ্গ।

 

কেটে তো গেছে বছর দশেক

হরেক বিবর্তনে বিব্রত হয়েছে বিবেক,

ভুলেছি— ভিয়েনচান শহরের মন্দিরের মন্ত্রপাঠ,

হয়তো শ্যাওলায় সবুজ হয়েছে স্রোতজলে পিদিম ভাসানো ঘাট।

 

কিন্তু তোমাকে বিস্মৃত হওয়া আর হলো কই

পানশালার রিদমপ্রিয় নটি— নিলামাই,

এখনো রজনীর মধ্যযামে করোটিতে

নিউরন পুষ্প খুঁটে খায় স্মৃতির ম্যাগপাই।