সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯

ইত্তেফাক ডেস্ক

পাবনার চাট মোহর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চাটমোহর (পাবনা):চাটমোহর-পাবনা সড়কের চাটমোহর উপজেলার রতনপুর এলাকায় বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম হূদয় হোসেন (২৫)। দুর্ঘটনায় আহত হয়েছে নিহতের ছোট ভাই রানা হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন হূদয় ছোটভাই রানাকে মোটরসাইকেলযোগে চাটমোহরে স্কুলে নিয়ে আসছিলেন। এ সময় রতনপুর ব্রিজের পাশে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের পিলারে সজোরে ধাক্কা খায়। এতে দুই ভাই আহত হয়। তাদেরকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হূদয়কে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জে ইঞ্জিনচালিত ভ্যান চাপায় নাদিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা সদরের ফায়ার সার্ভিসের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাদিয়া টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের নাজমুল শেখের মেয়ে। টুঙ্গিপাড়া থানার এসআই ইয়াছির জানান, ঘটনাস্থলে একটি ইঞ্জিনচালিত ভ্যান নাদিয়াকে চাপা দেয়।

তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে নাদিয়া খুলনায় মারা যায়। এ ঘটনায় ভ্যানসহ ভ্যান চালককে আটক করা হয়েছে।