সাভারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৫৮

সাভারে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে এক ফল ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির সময় আসল ডিবি পুলিশের হাতে আটক হয়েছে এক ভুয়া ডিবি সদস্য। বুধবার বিকালে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ঐ ব্যবসায়ী লিখিত অভিযোগ করলে গতকাল  দুপুরে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে ভুয়া ডিবি সদস্যকে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃত ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যের নাম মনির হোসেন। সে বরিশালের আগৈলঝড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে মনির ডিবি পুলিশ পরিচয়ে  মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. ইয়াসিন মুন্সী বলেন, বুধবার বিকালে সাভার বাসস্ট্যান্ড এলাকার ফলের আড়তে ফল ব্যবসায়ী কামালের কাছে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে ৩০ হাজার টাকা দাবি করে মনির। এ সময় সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিষয়টি ডিবি পুলিশকে জানায় স্থানীয়রা। ভুয়া ডিবি পুলিশকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ ঘটনায় ফল ব্যবসায়ী কামালের অভিযোগের ভিত্তিতে প্রতারক মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।