হোমনায় কামড় দিয়ে কৃষকের নাক কেটে নিল শিয়াল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় কামড় দিয়ে মো. খলিল মিয়া (৬০) নামের এক কৃষকের নাক কেটে নিয়েছে একটি পাগলা শিয়াল।

তিনি উপজেলার শ্রীমিদ্দ গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। আহত কৃষক খলিল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে নিজের বোরো ক্ষেত পরিচর্যা করতে মাঠে যান কৃষক খলিল মিয়া। ক্ষেত পরিচর্যার এক পর্যায়ে ক্ষেতে লুকিয়ে থাকা একটি শিয়াল হঠাত্ তার মুখে কামড় দেয়। হোমনা টিএন্ডটি অফিস এলাকার বাসিন্দা মাসুদ মিয়া জানান, সম্প্রতি এ এলাকায় শিয়ালের উপদ্রব ব্যাপক হারে বেড়ে গেছে। গত দুই সপ্তাহ আগে একই এলাকার মাঠে কাজ করার সময় দিনের বেলাতেই একটি পাগলা শিয়াল দুই গরুসহ আট ব্যক্তিকে কামড়িয়ে আহত করে।