নীলফামারী-৪ আসনে দুই দলের চার নারী মনোনয়ন প্রত্যাশী

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৫৭

বিএনপি থেকে দুই ও আওয়ামী লীগের দুইজন নারী প্রার্থী এবার মনোনয়ন প্রত্যাশী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে। এরই মধ্যে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা। চারজনই সমানভাবে আশাবাদী দলীয় প্রতীক তারাই পাচ্ছেন। এলাকায় ব্যাপক প্রচারণাও রয়েছে তাঁদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ থেকে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য আমেনা কোহিনুর আলমও রয়েছেন। তিনি বেশ আশাবাদী, মনে করেন দল তাঁর হাতে নৌকা প্রতীক তুলে দেবে। সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুত্ফা ডালিয়াও মনোননয়পত্র সংগ্রহ করেছেন।

বিএনপি থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক বেবী নাজনীন। একই দলের কেন্দ্রীয় সদস্য তথা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ধানের শীষ প্রতীকের জন্য তাঁরা দুজনই বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে পারিবারিক সূত্র জানায়।