সুনামগঞ্জের শাল্লায় বহুল আলোচিত পুলিশের এসআই শাহ আলীকে পেটানোর ঘটনা নিয়ে শাল্লার ওসির সঙ্গে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুর মোবাইলে কথোপকথনের অডিও ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া অডিও রেকর্ডে যুবলীগ নেতা অপুর মোবাইল ফোন থেকে করা কলে শাল্লা থানার ওসি নুর আলমের কণ্ঠের হুবহু মিল রয়েছে। অডিও ক্লিপের বক্তব্য অনুযায়ী ওসির নির্দেশেই এসআই শাহ আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে শাল্লাসহ সুনামগঞ্জ জেলায় শুরু হয়েছে তোলপাড়। ফাঁস হওয়া অডিওতে আহত এসআইকে প্রাণে মারার ইচ্ছা ছিল বলেও হামলাকারীদের বলতে শোনা যায়।

ঘটনার সময় হঠাৎ করেই দুজন লোক আসায় ভাগ্যক্রমে বেঁচে যান ঐ পুলিশ কর্মকর্তা। ফাঁস হওয়া ২৮ সেকেন্ডের অডিও ক্লিপে শাল্লা থানার ওসি নূরে আলমের সঙ্গে কথা বলার সময় ঘটনা নিয়ে ঐ যুবলীগ নেতা স্বস্তি প্রকাশ করেন। এছাড়াও আরও তিনটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। যেগুলোতে ঐ যুবলীগ নেতা কর্তৃক ওসিকে টাকা দেওয়ার কথাও শোনা যায়। বিষয়টির নিরপেক্ষ তদন্ত করলে এর সত্যতা বের হবে বলে মনে করেন এলাকার সচেতন মহল।
তবে অডিও ক্লিপের বিষয়ে ওসি নূরে আলম বলেন, আমি কিছুই জানি না, এসব মিথ্যা। কারো সঙ্গেই আমার এমন কোনো কথাবার্তা হয়নি।
জানা যায়, গত ১২ জুলাই রাতে সন্ত্রাসী হামলায় পুলিশের এসআই শাহ আলী গুরুতর আহত হন। ঐ দিন রাতে এসআই শাহ আলী থানা থেকে বের হয়ে বাসায় যাওয়ার সময় অপুর নেতৃত্বে তার বাহিনীর সাত-আট জন অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজনসহ অন্য পুলিশ সদস্যরা এসে আহত এসআইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পর পুলিশ কথিত যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু ও রতন দাসকে গ্রেফতার করে। গত ৮ আগস্ট সুনামগঞ্জ আদালত থেকে জামিনে মুক্তি পান যুবলীগ নেতা অপু।
ইত্তেফাক/এমআর

