ব্যানার পোস্টার ফেস্টুন অপসারণ শুরু

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৫৮

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের সকল ধরনের ব্যানার ও পোস্টার ফেস্টুন অপসারণ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুর থেকে রংপুর সিটি কর্পোরেশন এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান ও সহকারী কমিশনার মাহামুদুর রহমানের নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মীরা এসব অপসারণ শুরু করে। দায়িত্বপালনরত ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান সাংবাদিকদের জানান, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকায় সাঁটানো সকল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার অপসারণ করা হচ্ছে। তিনি জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যানার ফেস্টুন অপসারণ শুরু হওয়ায় নগরবাসী এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সুজন সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন জানান, শুধু নগরে নয় পুরো জেলায় এ অভিযান চালাতে হবে।