ইত্তেফাক রিপোর্ট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের প্রধান শর্ত হলো সবার জন্য সমান সুযোগ তৈরি করা, যাতে প্রত্যেকে উন্নয়নের সুফল পায়। সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সেই কাজ শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং আর্থিক অন্তর্ভুক্তি অর্জন, ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের ভূমিকা বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সংগঠন ক্রেডিট এন্ড ডেভলপমেন্ট ফোরাম (সিডিএফ) সম্মেলনের আয়োজন করে। সিডিএফ চেয়ারম্যান মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী, ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির, সিডিএফ নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএনএম এর নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরী।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, এসডিজির পরিসর অনেক বড়। এটা কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে এর সঙ্গে যুক্ত হতে হবে। ক্ষুদ্রঋণে সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, দেশে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে আর্থিক অন্তর্ভুক্তি বড় ধরনের অবদান রাখছে। এর মাধ্যমে মানুষের আয় বাড়ছে এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে।
