রংপুর বিভাগে করোনায় ৯ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর বিভাগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে আট জেলায় এক দিনে নতুন করে ২৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং চার জেলায় এক দিনে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বিভাগের রংপুর জেলার চার জন, ঠাকুরগাঁওয়ের তিন জন, দিনাজপুরে এক জন এবং কুড়িগ্রাম জেলার এক জন রয়েছেন। এর সত্যতা নিশ্চিত করে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, শুক্রবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৩ হাজার ৬৪৯ জন আক্রান্ত ও ৩০১ জনের মৃত্যু হয়েছে, রংপুর জেলায় ১১ হাজার ৪৩২ জন আক্রান্ত ও ২৫৬ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৭১৮ জন আক্রান্ত ও ২১৩ জনের মৃত্যু, গাইবান্ধায় ৪ হাজার ৩৪৭ জন আক্রান্ত ও ৫৭ জনের মৃত্যু, নীলফামারীতে ৪ হাজার ৭৩ জন অক্রান্ত ও ৭৭ জনের মৃত্যু, কুড়িগ্রামে ৪ হাজার ২১৮ জন আক্রান্ত ও ৫৯ জনের মৃত্যু, লালমনিরহাটে ২ হাজার ৪৮৬ জন আক্রান্ত ও ৫৮ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৩ হাজার ১৯৪ জন আক্রান্ত ও ৬৬ জনের মৃত্যু হয়েছে।
ভাঙ্গুড়ায় শ্লীলতাহানির দায়ে এক ব্যক্তি কারাগারে
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা ভাঙ্গুড়া উপজেলায় প্রতিবন্ধী তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার দুপুরে গোলজার হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার চৌবাড়িয়া হারোপারা গ্রামের মৃত কছের প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, গত রবিবার অভিযুক্ত গোলজার হোসেন ঐ মেয়েটিকে বাড়িতে একা পেয়ে তার শ্লীলতাহানি করে। ভাঙ্গুড়া থানার (ওসি) মু. ফয়সাল বিন আহসান বলেন, প্রতিবন্ধী মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে দুই দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার পাইকগাছা থানার ওসি এজাজ শফির নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে সব পুলিশ ইউনিট অফিস কক্ষ ও ব্যারাকসংলগ্ন আঙিনা পার্শ্ববর্তী ড্রেন, নিচু জায়গা এবং ঝোপঝাড় পরিষ্কার করে ওষুধ ছিটায়।
হতদরিদ্রের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিল পবিস
কুমিল্লা প্রতিনিধি হিজড়া ও বেদে পল্লীসহ জেলার ছয়টি উপজেলার ১ হাজার ২৫০ হতদরিদ্রের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২ (পবিস-২)। কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-২ (পবিস-২)-এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান এবং সমিতির অধিভুক্ত জোনাল ও সাব-জোনাল কার্যালয়ের কর্মকর্তারা।
মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে মাইকিং
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা বরিশাল-ঢাকা মহাসড়কে সব প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধ করতে কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে গৌরনদী হাইওয়ে থানাপুলিশ। একই সঙ্গে সড়ক পরিবহন আইনে অপরাধ ও শাস্তি সম্পর্কে অবগত করার জন্য থ্রি হুইলার চালকদের মধ্যে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। শুক্রবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।
