এ বছর আর দৌড়াবেন না জ্যাকবস

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৪৭

স্পোর্টস ডেস্ক

অলিম্পিক গেমসের পর কোথায়? কখন? এমন হাজারো প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচ্ছেন বিশ্বের দ্রুততম মানব মার্সেল জ্যাকবস। এক শব্দের উত্তর দিয়ে সেসব ভক্তকে যেন হতাশই করলেন এই ইতালিয়ান অ্যাথলেট। চলতি বছর আর কোথাও দৌড়াচ্ছেন না তিনি। বিশ্রাম নিয়ে ২০২২ সালে ট্র্যাকে ফিরবেন পুরোদমে।  

অনেকের মতে, ইনজুরি মুক্ত থাকতেই এ সিদ্ধান্ত নিয়েছে। তবে তার ম্যানেজার মার্সেলো ম্যানানি জানালেন ইনজুরিই মূল বিষয় নয়। তিনি বলেন, ‘সহজ বিষয়, মার্সেল এই বছর তার সর্বোচ্চ পরিশ্রম করেছে। তাই প্রতিযোগিতার জন্য জোর করা মানেই ইনজুরির ঝুঁকি নেওয়া।’

টোকিও অলিম্পিকসে দৌড়ের মাধ্যমে পুরো বিশ্বকে  চমকে দিয়েছেন জ্যাকবস। লংজাম্প ছেড়ে স্প্রিন্টে নাম লেখিয়েছেন মাত্র তিন বছর আগে। অলিম্পিকসের আগে কোনোদিনই ১০ সেকেন্ডের নিচে ফিনিশিং লাইন স্পর্শ করেননি ২৬ বছর বয়সি এ অ্যাথলেট। আর তিনিই কি-না ৯.৮০ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে জিতে নিলেন অলিম্পিক স্বর্ণ। শুধু তাতেই থামেননি জ্যাকবস। দেশের হয়ে ৪ x ১০০ মিটার রিলেতেও স্বর্ণ জিতেন এই অ্যাথলেট।