জাহাজ নির্মাণে প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল কর্ণফুলী ড্রাই ডক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

চূড়ান্ত লাইসেন্স প্রদান করেছে বেজা

ইত্তেফাক রিপোর্ট

কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল অর্থনৈতিক অঞ্চল লিমিটেডকে চূড়ান্ত লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ লাইসেন্স প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত এই ড্রাই ডকটি হবে প্রায় ১ লাখ ডিডব্লিউটি ক্ষমতা সম্পন্ন। এই অর্থনৈতিক অঞ্চলটি হবে শিপবিল্ডিং এবং জাহাজ রক্ষণাবেক্ষণ খাতে দেশের সর্ব প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের জন্য নির্ধারিত স্থানে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি সড়ক, বিদ্যুত্ সংযোগ স্থাপনের কাজ শেষ করেছে। এখন সেখানে ড্রাই ডকের জেটি নির্মাণের কাজ চলছে। এই অঞ্চলটিতে ১৪ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে বিশ্বব্যাংক হতে প্রাপ্ত ঋণ অন্তর্ভুক্ত আছে। আগামী মার্চের মধ্যে জেটি নির্মাণের কাজ শেষ হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে প্রায় ৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে এ অঞ্চলটিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল হক, লে. জেনারেল মো. আনোয়ার হোসেন (অব:), চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি  মো. মাহবুবুল আলম এবং কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকনোমিক জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদ।

চট্টগ্রামে বর্তমানে একটি মাত্র সরকারি ড্রাই ডক রয়েছে, যা বাংলাদেশ নৌ-বাহিনীকর্তৃক পরিচালিত হচ্ছে। ইঞ্জিনিয়ার এম এ রশীদ বলেন, কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকনোমিক জোন লিমিটেডের আগামী বছর হতে বৃহত্ জাহাজ নির্মাণ শুরু করবে। প্রতিবছর কমপক্ষে ১২ কোটি ডলার আয় করা সম্ভব হবে।